নিজস্ব প্রতিনিধি, তিরুবনন্তপুরম: মালায়ালম অভিনেত্রী রিনি জর্জ এক প্রভাবশালী রাজনৈতিক দলের এক যুবনেতার বিরুদ্ধে তিন বছর ধরে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, ওই নেতা তাঁকে পাঁচতারা হোটেলে ডাকার প্রস্তাবও দেন। অভিনেত্রীর অভিযোগ, একাধিকবার দলীয় কর্তৃপক্ষকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
যদিও রিনি জর্জ অভিযুক্তের নাম বা তাঁর দলের নাম প্রকাশ্যে আনেননি, কেরালায় বিজেপি কংগ্রেস বিধায়ক রাহুল মানকুট্টিলের নাম টেনে এনে পালাক্কাড জেলায় তাঁর দফতরের বাইরে বিক্ষোভ দেখায়। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কংগ্রেস বা রাহুল মানকুট্টিলের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে।
একটি অনলাইন সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিন বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই নেতার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর থেকেই তাঁকে অশালীন বার্তা পাঠানো শুরু হয়। অভিযোগ, এক পর্যায়ে ওই নেতা পাঁচতারা হোটেলে দেখা করার প্রস্তাব দেন।
রিনি জর্জের অভিযোগ, এ বিষয়ে শীর্ষ নেতৃত্বকে জানানোর পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তকে একাধিক গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমি যখন সতর্ক করেছিলাম যে আমি শীর্ষ নেতৃত্বকে জানাবো, তখন সে নির্লজ্জভাবে বলেছিল—‘যাকে খুশি বলুন, আমার কিছু যায় আসে না।’”
তিনি আরও জানান, নিরাপত্তার কারণে এবং বিচারব্যবস্থার উপর আস্থা হারিয়ে তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তবে নিজের মতো আরও বহু মহিলার হয়রানির শিকার হওয়ার কথা জেনে তাঁদের পাশে দাঁড়াতেই তিনি মুখ খুলেছেন।
“আমাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়নি, শুধু বার্তা পাঠানো হয়েছে। কিন্তু আমার পরিচিতদের মাধ্যমে জানতে পেরেছি, আরও অনেক মহিলা হয়রানির শিকার হয়েছেন। তাঁদের কথা ভেবেই আমি সামনে এসেছি,” বলেন অভিনেত্রী।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন