কলকাতা: তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর গুজব ওড়ালেন মিঠুন চক্রবর্তী। ফিল্মফেয়ার-এর তরফে ট্যুইট করে মিঠুনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়৷ পরে, ফিল্মফেয়ারই ট্যুইট করে ফের জানায়, করোনায় আক্রান্ত হননি বলে নিজেই জানিয়েছেন মিঠুন৷ অভিনেতা জানিয়েছেন, একটানা প্রচার চালানোর পর বর্তমানে ছুটি কাটাচ্ছেন তিনি৷
দিন কয়েক আগেই রায়গঞ্জে রোড শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন মিঠুন। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে। সেখানে ভরতি ছিলেন তিনি। সুস্থ হয়ে ফের প্রচারে বেরিয়েছিলেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার কানাঘুষো শুরু হয় করোনা আক্রান্ত হয়েছেন মহাগুরু। মঙ্গলবার দুপুরে মহাগুরুর পরিবারের তরফে জানানো হল যে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। আগামী ২৯ তারিখ তিনি ভোট দিতেও যাবেন বলেই জানা গিয়েছে।
গত মাস থেকেই পশ্চিমবঙ্গের বিধাসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র হয়ে জোরদার প্রচার শুরু করেছিলেন ‘মহাগুরু’। প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চড়কিপাক খাচ্ছিলেন এই অভিনেতা। সম্প্রতি, করোনা সতর্কবিধি ভাঙার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
গত ৭ মার্চ বিজেপি-তে যোগ দিয়েছিলেন মিঠুন৷ এর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার প্রচার করেছেন তিনি৷ রোড শো থেকে জনসভা, বিজেপি-র হয়ে রোজ একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি৷ শুভেন্দু অধিকারীর হয়ে নন্দীগ্রামে গিয়েও প্রচার করেন তিনি৷ প্রথমে এমনও শোনা গিয়েছিল, মিঠুন হয়তো নির্বাচনে বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করবেন৷ শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি৷

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন