বলিউডের কিং খান শাহরুখ খান এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে বড়সড় বিপদ নেমে এসেছে। রাজস্থানের ভরতপুরে তাদের দুজনের নাম জড়িয়ে একটি এফআইআর দায়ের হয়েছে। শুধু তাই নয়, মামলায় হুন্ডাই কোম্পানির ৬ জন কর্মকর্তার নামও রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা যে গাড়ির বিজ্ঞাপন করেছিলেন, তাতে গুরুতর কারিগরি ত্রুটি ছিল।
অভিযোগটি করেছেন ভরতপুরের বাসিন্দা কীর্তি সিং। তিনি ২০২২ সালের জুন মাসে হরিয়ানার সোনিপতের মালওয়া অটো সেলস প্রাইভেট লিমিটেড থেকে ২৩.৯৭ লক্ষ টাকায় একটি হুন্ডাই আলকাজার কিনেছিলেন। প্রথমদিকে গাড়িটি ঠিকঠাক চললেও কয়েক মাস পর থেকেই বড় ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। উচ্চ গতিতে চালালে গাড়ি থেকে শব্দ হতে থাকে, প্রবল কম্পন করে এবং ইঞ্জিন সিস্টেমে ত্রুটির সতর্কবার্তা দেখা যায়।
কীর্তি সিং অভিযোগ করেছেন, ডিলারশিপে একাধিকবার অভিযোগ জানালেও তাকে জানানো হয় যে এটি ‘স্বাভাবিক সমস্যা’। তিনি দাবি করেছেন, গাড়ি বিক্রির সময় এই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি ভরতপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং ২-এ অভিযোগ জানান। আদালতের নির্দেশে পুলিশ মথুরা গেট থানায় এফআইআর নথিভুক্ত করে।
এই এফআইআরে জালিয়াতির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারাসহ একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের ডিসেম্বরে এই দায়িত্ব নেন। গত বছর দু’জনকে নিয়ে কোম্পানির বিজ্ঞাপনও প্রচারিত হয়। এখন এই মামলার পর প্রশ্ন উঠেছে—ব্র্যান্ডের প্রচারক তারকারা কি কোম্পানির পণ্যের ত্রুটির জন্যও দায়ী হবেন?
আসলে, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই স্পষ্ট করেছে যে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ক্ষেত্রে কেবল কোম্পানি নয়, বিজ্ঞাপন করা তারকারাও সমানভাবে দায়ী থাকবেন। এই ঘটনার পর সেই বিষয়টি ফের সামনে এসেছে এবং বিতর্ক আরও তীব্র হয়েছে।

মাত্র ১২ হাজারে ৮ জিবি RAM এর মোবাইল- এখনই কিনুন