WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
Instagram Channel Follow Now

বাজারে সদ্য সদ্য উঠেছে এঁচোড় ৷ এঁচোড় দিয়েই ৩টি অসাধারণ আমিষ রেসিপি খুব সহজেই রান্না করে ফেলতে পারবেন।
১ ) পোস্ত এঁচোড়ঃ-
উপকরন- ছোট বাটির ১ বাটি টুকরো করা এঁচোড়, পেঁয়াজ কুচি ১ টা, পোস্ত বাটা ২ টেবিল চামচ, লঙ্কা বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, সরষের তেল ১ কাপ, টকদই ১ টেবিল চামচ, নুন ও মিষ্টি স্বাদমতো।
প্রণালী: একটি পাত্রের মধ্যে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি স্বাদমতো দিয়ে দিতে হবে। এর মধ্যে কিছুটা সেদ্ধ করে রাখা এঁচোড় দিয়ে পোস্ত বাটা এবং টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে৷ সামান্য উষ্ণ গরম জল দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন ‘পোস্ত এঁচোড়’।

২ ) এঁচোড় মেটেঃ-
উপকরণ- ছোট বাটির ১ বাটি টুকরো করা এঁচোড়, ছোট বাটির ১ বাটি সেদ্ধ করে রাখা মেটে , পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলার গুঁড়ো ১ চা চামচ, সরষের তেল এক কাপ, নুন ও চিনি স্বাদমতো।
প্রণালী: ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ , আদা , রসুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ৷ ভালো করে ভাজা হয়ে গেলে সমস্ত গরম মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা মেটে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে মাটনের মেটে ব্যবহার করলে বেশি সুস্বাদু হবে৷ এরপর নুন, হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে ভালো করে কষাতে হবে । নুন , চিনি স্বাদমতো দিতে হবে। কষানো হয়ে গেলে সামান্য উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে গরম গরম পরিবেশন করুন ‘এঁচোড় মেটে’।

৩ ) চিলি এঁচোড়ঃ-
উপকরণ- ছোট বাটির ১ বাটি টুকরো করা এঁচোড়, একটা ক্যাপসিকাম টুকরো করে কাটা, একটা পেঁয়াজ টুকরো করে কাটা, রসুন কুচি করে কাটা এক টেবিল চামচ, টমেটো সস এক টেবিল চামচ, সয়া সস এক টেবিল চামচ, চিলি সস এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, সাদা তেল ১ কাপ, নুন ও চিনি স্বাদমতো।
প্রণালী: কড়াইতে সাদা তেল গরম করে এঁচোড় গুলিকে নুন , হলুদ মাখিয়ে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে সামান্য ভেজে তুলে রাখতে হবে। টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা রসুন এবং ক্যাপসিকাম দিয়ে দিতে হবে৷ এরপর তিন রকমের সস দিয়ে দিতে হবে। স্বাদমতো গোলমরিচ গুঁড়ো দিতে হবে৷ চিরে রাখা কাঁচালঙ্কা দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর কর্নফ্লাওয়ারে ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো দিয়ে ভালো করে কষিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে। এরপর আরেকটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার ভালো করে গুলে নিয়ে এই মিশ্রণটি রান্নার মধ্যে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। স্বাদমতো নুন ও চিনি দিতে হবে। কিছুক্ষণ পরে বেশ মাখা মাখা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ‘চিলি এঁচোড়’।

এই খবরটা তাঁর সঙ্গে শেয়ার করুন, যার এটা জানা দরকার